নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে সরকার। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। আদেশ অনুযায়ী, পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা-দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সৈয়দ আজাদ সুবহানী বিচারক শেখ আশফাকুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। বিদায়ী চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার প্রথম দিনেই পোশাক শিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা করেছেন নতুন চেয়ারম্যান। বুধবার বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। একই সঙ্গে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য আলাদা মজুরি বোর্ড গঠন করা হয়।

নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে। শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে।

পোশাক শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের আলাদা মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী, নিম্নতম মজুরি বোর্ডের চারজন সদস্যের সঙ্গে তৈরি পোশাক খাতের মালিক ও শ্রমিকপক্ষের একজন করে প্রতিনিধি যুক্ত করে এই বোর্ড গঠন করা হয়।

ছয় সদস্যের এই বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

Scroll to Top