সরকারি চাকরির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১১ থেকে ২০ গ্রেডের পদে নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রজ্ঞাপন যেকোনো দিন জারি হতে পারে। এ বিষয়ে প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত করেছে সরকার। খসড়াটি এখন সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ১১ থেকে ২০ গ্রেডের চাকরিতে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর পুনর্বণ্টনের বিষয়টি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে চূড়ান্ত হয়েছে। গত রবিবারের ওই বৈঠকে অনুমোদনের পর প্রজ্ঞাপনের খসড়া তৈরি করা হয়। তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত নতুন নম্বর কাঠামো কার্যকর হবে না।
নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়া গেলে প্রজ্ঞাপন জারি হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে এটি জারি করা হবে।খসড়া অনুযায়ী, ১১ ও ১২ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করা হচ্ছে। একই সঙ্গে লিখিত পরীক্ষার নম্বর ৯০ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে ৫০ শতাংশ নম্বর প্রয়োজন হলেও নতুন কাঠামোয় তা কমিয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
আরও জেনে নিনঃ চাকরিজীবীদের জন্য সামনে ৫ দিনের সরকারি ছুটি
১৩ থেকে ১৬ গ্রেডের ক্ষেত্রে বর্তমানে লিখিত ও ভাইভায় যথাক্রমে ৯০ ও ১০ নম্বর রয়েছে। প্রস্তাবিত কাঠামোয় লিখিত পরীক্ষার নম্বর ৬০ এবং ভাইভার নম্বর ৪০ করা হচ্ছে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাস নম্বর ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।১৭ থেকে ২০ গ্রেডের চাকরিতে বর্তমানে লিখিত পরীক্ষায় ৪০ এবং ভাইভায় ১০ নম্বর নির্ধারিত আছে। নতুন কাঠামোয় লিখিত ও ভাইভা—দুই পরীক্ষাতেই ২৫ নম্বর করে রাখার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বিধিমালা মন্ত্রণালয় বা বিভাগ এবং এর আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর ও সংস্থার ১১তম থেকে ২০তম গ্রেডে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
তবে শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ব্যাটালিয়ন আনসার, কোস্ট গার্ড, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা অন্য কোনো বাহিনীর পদে এ বিধিমালা প্রযোজ্য হবে না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আওতাভুক্ত পদও এর বাইরে থাকবে।খসড়া বিধিমালায় বলা হয়েছে, বিধিমালা কার্যকর হওয়ার সময় ১১ থেকে ২০ গ্রেডে সরাসরি নিয়োগের কোনো কার্যক্রম বিদ্যমান বিধিমালা অনুযায়ী চলমান থাকলে তা আগের বিধিমালা অনুসারেই নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ নতুন বিধিমালা কার্যকর হওয়ার আগে শুরু হওয়া নিয়োগে নতুন নম্বর কাঠামো প্রযোজ্য হবে না।
এদিকে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ নিয়ে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও আন্দোলন চলছে। তাদের আশঙ্কা, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানো হলে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার যথাযথ মূল্যায়ন প্রশ্নের মুখে পড়তে পারে।


