রজব মাসের গুরুত্ব: রজব মাসকে বলা হয় আল্লাহর মাস। এটি ইসলামী বর্ষপঞ্জিকার সপ্তম মাস এবং চারটি পবিত্র মাসের একটি। এ মাসে মুমিন বান্দারা আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য বেশি বেশি ইবাদত করেন, বরকত কামনা করেন এবং আগামী পবিত্র রমজান মাসের জন্য আধ্যাত্মিক প্রস্তুতি নেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাসে বরকতের বিশেষ দোয়া পড়তে উৎসাহিত করেছেন।
বিশেষ দোয়া: اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শা‘বানা ওয়া বাল্লিগনা রামাদান।’
অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন (হায়াত দান করুন)।’
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “বছরে ১২টি মাস রয়েছে। এর মধ্যে ৪টি মাস সম্মানিত। তিনটি ধারাবাহিক—জিলকদ, জিলহজ্জ ও মুহাররম। আর চতুর্থটি হলো রজব, যা জুমাদাল উখরা ও শাবান মাসের মাঝে অবস্থিত।” (সহিহ বুখারি)
অন্য এক হাদিসে এসেছে: “যে ব্যক্তি রজব মাসে (ইবাদতের মাধ্যমে অন্তরের) জমি চাষ করল না এবং শাবান মাসে (ইবাদত করে মনের) আগাছা দূর করল না, সে রমজান মাসে (ইবাদতের) ফসল তুলতে পারবে না।” (বায়হাকি)
১৪৪৭ হিজরি রজব মাসের শুরু: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ১৪৪৭ হিজরির পবিত্র রজব মাস শুরু হয়েছে ২২ ডিসেম্বর ২০২৫ (সোমবার) থেকে। এ হিসেবে আগামী ১৬ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) দিবাগত রাতে দেশব্যাপী পালিত হবে পবিত্র শবে মেরাজ (২৭ রজব)।
আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে রজব ও শাবান মাসে এ দোয়া বেশি বেশি পড়ার এবং তাঁর বিশেষ রহমত ও অনুগ্রহ লাভের তাওফিক দান করুন। আমিন।
আরও জানতে পারেনঃ জ্বর মাথা ব্যথার দোয়া (লাইভ আপডেট তথ্য)


